পদ্মার পাড় পাবে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের আদল - The News Lion

পদ্মার পাড় পাবে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের আদল




চট্টগ্রাম ব্যুরো,বাংলাদেশ ;  চট্টগ্রামের পতেঙ্গা সৈকত ঘুরে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তার এই মুগ্ধতা এমনই যে, পতেঙ্গার আদলে রাজশাহীতেও পদ্মার নদীর পাড়কে বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান।


 মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর পতেঙ্গা এলাকায় সিটি আউটার রিং রোডের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) গড়ে তোলা বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।


এ সময় তিনি বঙ্গোপসাগরের তীরে নগরের পতেঙ্গা এলাকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পদ্মা নদীর তীরবর্তী শহর রাজশাহীতেও পতেঙ্গা সৈকতের আদলে বিনোদনকেন্দ্র গড়ে তোলার ইচ্ছে প্রকাশ করেন।


 পরে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সঙ্গে এক বৈঠকে মিলিত হন চট্টগ্রামে আসা রাজশাহীর মেয়র লিটন। সেখানে তিনি পদ্মার তীরে পতেঙ্গার আদলে একটি বিনোদনকেন্দ্র গড়ে তুলতে সিডিএর প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের সহায়তা কামনা করেন। সিডিএর একটি টিমকে রাজশাহী ভ্রমণেরও আমন্ত্রণ জানান তিনি।


 রাজশাহীর মেয়র লিটনের স্ত্রী শাহীন আকতার রেনীসহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উর্ধতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। সভার শুরুতে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে প্রদর্শিত ভিডিওচিত্র দেখেন রাসিক মেয়র লিটন।


 পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড প্রকল্পের অংশ হিসেবে পতেঙ্গা বিচকে আধুনিকায়ন করা হয়। গত বছরের প্রথম দিকে বিচের আধুনিকায়নের কাজ সম্পন্ন হওয়ার পর পর্যটকদের ভিড় বাড়তে থাকে। দিন-রাত সমানে আসতে থাকে পর্যটকরা। পদ্মার পাড়ে পতেঙ্গা বিচের আদলে বিচ তৈরির উদ্যোগকে সিডিএ’র জন্য একটি বড় স্বীকৃতি ও অর্জন বলে মন্তব্য করেছেন সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস।


 রাজশাহীর মেয়রের পতেঙ্গা বিচ পছন্দের বিষয়টি জানিয়ে সিডিএ’র চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, ইউটিউব বা ফেসবুকে পতেঙ্গা বিচ দেখে পদ্মার পাড়ে পতেঙ্গার মত একটি বিচ করার পরিকল্পনা করেছেন মেয়র খায়রুজ্জামান লিটন।


সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ইউটিউব বা ফেসবুকে পতেঙ্গা বিচের দৃশ্য দেখে খুব পছন্দ করেছেন রাজশাহীর মেয়র। সে কারণে, চলতি বছরের জানুয়ারি মাসে রাজশাহী থেকে সরেজমিন দেখতে একটি টিম চট্টগ্রাম আসে। টিমের সদস্যরা সিডিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ফিরে যাওয়ার সময় তারা সিডিএ’র রিং রোড প্রকল্পের সংশ্লিষ্টদের রাজশাহী যাওয়ার দাওয়াত দিয়েছেন। এরপর আমাদের কনসালটেন্ট রাজশাহীর পদ্মার পাড় পরিদর্শন করে আসে। 


তিনি আরো জানান, সম্প্রতি রাজশাহীর মেয়র চট্টগ্রামে আসেন এবং পতেঙ্গা বিচ পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেছেন। রাজশাহীর পদ্মার পাড়ে পতেঙ্গা বিচের আদলে বিচ হবে, এটি চট্টগ্রাম তথা সিডিএ’র জন্য একটি বড় পাওয়া।


 উল্লেখ্য, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ২০০৫ সাল থেকে পতেঙ্গা হতে ফৌজদারহাট পর্যন্ত বেড়িবাঁধ কাম আউটার রিং রোড নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে। ২০০৭ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করে। দুই বার সংশোধনের পর বর্তমানে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা। এই প্রকল্পের আওতায় পতেঙ্গায় সাগরপাড়ে ৫ কি.মি এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে পর্যটনকেন্দ্র। পতেঙ্গাকাকে ঘিরে সিডিএ’র আরো বেশ কিছু প্ল্যান রয়েছে বলে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.